Logo

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম

profile picture
জনবাণী ডেস্ক
২২ এপ্রিল, ২০২৬, ১১:২৬
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর খবরে বৈশ্বিক বাজারে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তেলের দামে পতন দেখা গেলেও বিপরীতে বাড়তে শুরু করেছে সোনার দাম, যা বিনিয়োগকারীদের আগ্রহকে আবারও এই ধাতুর দিকে টেনে নিচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

সেখানে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭৫৫ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে রুপা ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের দিন সামান্য দরপতনের পর নতুন করে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির কারণে বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমার ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীরা আবারও সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন। এর প্রভাব পড়েছে গোল্ড ফিউচারেও—যেখানে দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭৭২ দশমিক ৯০ ডলারে।

দুই সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শান্তি আলোচনার স্বার্থে তিনি চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়াচ্ছেন। তবে এই ঘোষণাটি মূলত যুক্তরাষ্ট্রের একতরফা। এ বিষয়ে ইরান এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি। শেষ পর্যন্ত ইরান বা ইসরায়েল এতে সায় দেবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে যুদ্ধবিরতি ঘোষণার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে।

মারেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার জানান, সংঘাত শেষ হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। যদি কোনো কারণে এই যুদ্ধবিরতি ভেঙে যায়, তবে তেলের দাম ও ডলারের মান একযোগে বাড়বে। স্বর্ণের বাজারেও ধস নামাতে পারে।

বিজ্ঞাপন

স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতে, সোনার বর্তমান মূল্য কিছুটা অস্থিতিশীল হলেও অচিরেই এটি নতুন রেকর্ড উচ্চতা স্পর্শ করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ারশ স্পষ্ট করেছেন, তিনি রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে স্বাধীনভাবে কাজ করবেন। 

বিজ্ঞাপন

বাজার বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও ডলার—দুটিকেই বিবেচনায় রাখছেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে অনেকেই সোনার পাশাপাশি ডলারের প্রতিও ঝুঁকছেন, যা বৈশ্বিক বিনিয়োগ প্রবণতায় নতুন ভারসাম্য তৈরি করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD