Logo

একনেক বৈঠকে ১৭ প্রকল্পের মধ্যে অনুমোদন ১৫টি: অর্থ প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১৪:৩৭
একনেক বৈঠকে ১৭ প্রকল্পের মধ্যে অনুমোদন ১৫টি: অর্থ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সাম্প্রতিক বৈঠকে উত্থাপিত ১৭টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভায় এসব প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই অনুমোদন পেলেও কয়েকটি প্রকল্পে শর্তসাপেক্ষ সিদ্ধান্ত ও বিভিন্ন পর্যবেক্ষণ যুক্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সভায় পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু প্রকল্প এমন পর্যায়ে পৌঁছেছে, যেগুলোর প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার দাবি রাখে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে ব্যয়ের ক্ষেত্রে সংযম অবলম্বনের বিষয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে কোন খাতে কত ব্যয় হচ্ছে এবং তা কতটা যৌক্তিক—সেসব বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিটি প্রকল্প দেশের জনগণের জীবনমান উন্নয়নে কতটা কার্যকর এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তাও যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ একনেকের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD