বোতলে ১৯৫, বাজারে ২০০: সয়াবিন তেলের দামে অস্থিরতা

সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করলেও বাজারে এর প্রভাব পড়েছে ভিন্নভাবে। বোতলে এখনো ১৯৫ টাকা লেখা থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় তা ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফলে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর মুগদা, মানিকনগর, বাসাবো ও খিলগাঁও এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। অনেক দোকানেই বোতলজাত সয়াবিন তেলের সংকট অব্যাহত রয়েছে, আবার যেসব দোকানে পাওয়া যাচ্ছে, সেখানেও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।
ব্যবসায়ীরা জানান, সরকার নতুন দাম নির্ধারণ করলেও তারা আগেই বাড়তি দামে পণ্য কিনেছেন। ফলে বোতলে পুরোনো মূল্য লেখা থাকলেও নতুন দামে বিক্রি করতে হচ্ছে। অনেক দোকানি ১৯৯ টাকার পরিবর্তে সরাসরি ২০০ টাকা নিচ্ছেন।
আরও পড়ুন: আজকের মুদ্রার রেট : ৩০ এপ্রিল ২০২৬
বিজ্ঞাপন
মানিকনগর এলাকার এক বিক্রেতা জানান, সম্প্রতি সীমিত পরিমাণে তেল সরবরাহ পেয়েছেন তিনি। নতুন দাম কার্যকর হওয়ায় সে অনুযায়ী বিক্রি করছেন। তবে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বাজারে এখনো চাপ রয়েছে।
মুগদা বাজারে এক ক্রেতা জানান, বোতলে ১৯৫ টাকা লেখা থাকলেও তার কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয়। পরে তর্কের পর ১ টাকা ফেরত দেওয়া হয়। এতে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ বাড়ছে।
বিজ্ঞাপন
এদিকে গত দুই মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক নয়। ঈদের আগ থেকেই সংকট দেখা দেয়, যা এখনো পুরোপুরি কাটেনি। অনেক দোকানে এখনো তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও সীমিত পরিমাণে একটি বা দুটি ব্র্যান্ডের তেল বিক্রি হচ্ছে।
তবে কিছু বড় বিপণি কেন্দ্রে এখনো বোতলে লেখা দামে সয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন মূল্য কার্যকর হওয়ার পর কয়েক দিনের মধ্যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।








