Logo

আপনার আয়কর রিটার্ন কি নিরীক্ষার তালিকায়? জেনে নিন সহজ উপায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৭:৪৭
আপনার আয়কর রিটার্ন কি নিরীক্ষার তালিকায়? জেনে নিন সহজ উপায়
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও সেটি সঠিকভাবে পূরণ হয়েছে কি না, তা যাচাই করতে নিয়মিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি প্রক্রিয়ায় দুই ধাপে এখন পর্যন্ত প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

করদাতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—তাদের জমা দেওয়া রিটার্নটি এই নিরীক্ষার আওতায় পড়েছে কি না। বিষয়টি এখন আগের চেয়ে অনেক সহজ। এনবিআর তাদের ওয়েবসাইটে নিরীক্ষার জন্য নির্বাচিত করদাতাদের তালিকা প্রকাশ করেছে। এক্সেল ফরম্যাটে প্রকাশিত তালিকায় কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়ে খুঁজলেই জানা যাবে, সংশ্লিষ্ট করদাতা নির্বাচিত হয়েছেন কি না।

প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রথম ধাপে গত জুলাই মাসে ১৫ হাজার ৪৯৪ জন করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য বাছাই করা হয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও ৭২ হাজার ৩৪১ জনকে এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩–২৪ করবর্ষে জমা দেওয়া রিটার্নগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিশ্লেষণ করে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে দেশে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল করেছেন। রিটার্নে প্রদত্ত তথ্যের যথার্থতা এবং নির্ধারিত কর সঠিকভাবে পরিশোধ করা হয়েছে কি না—এসব বিষয় নিশ্চিত করতেই এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নিরীক্ষার জন্য করদাতা বাছাইয়ে নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসরণ করা হয়েছে। প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ জন এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের মানবীয় হস্তক্ষেপ রাখা হয়নি, ফলে এটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD