Logo

কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ছয় ব্যাংকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ২০:৪৪
কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ছয় ব্যাংকের
ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক ২০২৫ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পৃথক বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত চূড়ান্ত করে।

বিজ্ঞাপন

ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এসব বোর্ড সভার পর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) এ সংক্রান্ত তথ্য জানানো হয়। আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কিছু ব্যাংক মুনাফা করলেও সামগ্রিক আর্থিক অবস্থার বিবেচনায় লভ্যাংশ না দেওয়ার পথ বেছে নিয়েছে, আবার কয়েকটি ব্যাংক লোকসানের মুখে পড়েছে।

বিজ্ঞাপন

এবি ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বছরের শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায়ও দাঁড়িয়েছে ৩৬ টাকা ২ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

অন্যদিকে, মার্কেন্টাইল ব্যাংক ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছরের তুলনায় উন্নত। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা। ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে ২৪ জুন, রেকর্ড ডেট ২১ মে।

আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রে দেখা গেছে, ২০২৫ সালে শেয়ারপ্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩২ পয়সা, যেখানে আগের বছরে লোকসান ছিল ৬৩ পয়সা। বছরের শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। ব্যাংকটির এজিএম ২৯ জুন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ওয়ান ব্যাংকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা কমে দাঁড়িয়েছে ২৮ পয়সায়, যা আগের বছর ছিল ১ টাকা ২৪ পয়সা। ব্যাংকটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৪৬ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট।

ন্যাশনাল ব্যাংক ২০২৫ সালে শেয়ারপ্রতি ৭ টাকা ৫৫ পয়সা লোকসান করেছে, যা আগের বছরের ৫ টাকা ৩০ পয়সা লোকসানের তুলনায় বেশি। একই সঙ্গে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। এ ব্যাংকের এজিএমও ১৩ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এনআরবি ব্যাংক ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা করেছে ২০ পয়সা, যা আগের বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। বছরের শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। ব্যাংকটির এজিএম ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD