৫৩ হাজার টনের বেশি ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো আরও দুই জাহাজ

চীন ও ভারত থেকে আমদানি করা ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। জ্বালানি তেলের বাড়তি সরবরাহ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের জাহাজ আগমনের ফলে বন্দরে কর্মচাঞ্চল্য বেড়েছে।
বিজ্ঞাপন
বন্দর সূত্রে জানা গেছে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংসটন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে।
অপরদিকে, শনিবার (২ মে) ভোরে পানামার পতাকাবাহী জাহাজ ‘পিভিটি সোলানা’ ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবউদিয়া অ্যাংকারেজে নোঙর করে।
বিজ্ঞাপন
জাহাজ পরিচালনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে ডলফিন জেটিতে দুটি জাহাজ অবস্থান করছে। এছাড়া বহির্নোঙরে আরও তিনটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে একটি জাহাজ থেকে ইতোমধ্যে লাইটারিং কার্যক্রম চলমান আছে।
নতুন করে দুটি জাহাজ যুক্ত হওয়ায় বর্তমানে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে। ফলে দ্রুত জ্বালানি খালাস ও সরবরাহ কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ২ মে ২০২৬
বিজ্ঞাপন
এদিকে, মে মাসজুড়ে জ্বালানি আমদানির পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ইতোমধ্যে ১ লাখ টন অপরিশোধিত তেলসহ আরও প্রায় ৬ লাখ টন জ্বালানি আমদানির ব্যবস্থা নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এতে দেশের জ্বালানি চাহিদা মেটাতে ইতিবাচক প্রভাব পড়বে।








