এপ্রিলে দেশে এলো ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চলতি মাসের শেষেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা আগেভাগেই দেশে অর্থ পাঠাতে শুরু করেছেন। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
বিজ্ঞাপন
সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার কোটি টাকারও বেশি।
রবিবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
খাত সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু কেনা এবং পরিবারের বাড়তি খরচ সামাল দিতে প্রবাসীরা সাধারণ সময়ের তুলনায় বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। এতে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য চাঙাভাব তৈরি হয়েছে। এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্যও ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গেল এপ্রিলে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা ধরে) এই অঙ্ক ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার বেশি।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ৩ মে ২০২৬
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এটিই দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে মোট ২ হাজার ৯৩৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৪৫৪ কোটি মার্কিন ডলার।








