বাজার স্থিতিশীল রাখতে ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি এবং এ ক্ষেত্রে মাঠপর্যায়ে ডিসিদের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী জানান, উৎপাদক পর্যায় ও খুচরা বাজারের দামের মধ্যে বড় ব্যবধান, বিশেষ করে কৃষিপণ্যে, বাজার ব্যবস্থাপনার একটি বড় সমস্যা। এছাড়া দীর্ঘদিন ধরে সমন্বিত বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠাও অস্থিরতার কারণ বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে একটি প্রযুক্তিনির্ভর (এআইভিত্তিক) কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে কৌশলগত মজুত গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাব রয়েছে। ভবিষ্যতে তেল, চিনি ইত্যাদি প্রয়োজনীয় পণ্যের এক থেকে দুই মাসের মজুত নিশ্চিত করা গেলে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা কঠিন হবে।
তিনি আরও বলেন, সব মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের কারণে হয় না; অনেক ক্ষেত্রে বাজার ব্যবস্থার দুর্বলতাও দায়ী। এ পরিস্থিতি কাটাতে সংরক্ষণাগার নির্মাণ, কৌশলগত মজুত এবং সমন্বিত বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ৪ মে ২০২৬
এছাড়া বস্ত্র ও পাট খাত নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত মিলগুলো ধীরে ধীরে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও হয়েছে এবং বেশ কিছু মিল ইতোমধ্যে ইজারা দেওয়া হয়েছে, বাকিগুলো দ্রুত দেওয়া হবে।








