Logo

আট মাসের পতনের পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৪ বিলিয়ন ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৯:৩৩
আট মাসের পতনের পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৪ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

টানা আট মাসের পতনের পর দেশের রপ্তানি খাতে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়ে ৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, তৈরি পোশাক খাতে চালান বৃদ্ধি এবং প্রধান বাজারগুলোতে চাহিদা পুনরায় বাড়ায় এই প্রবৃদ্ধি এসেছে।

রবিবার (৩ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে দেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি ডলার। গত বছরের একই মাসে এই আয় ছিল ৩০১ কোটি ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩২.৯২ শতাংশ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, মার্চ মাসের তুলনায়ও এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে ১৫.২০ শতাংশ। মার্চে আয় ছিল ৩৪৮ কোটি ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও পরবর্তী আট মাস টানা রপ্তানি আয় কমেছে। তবে এপ্রিল মাসে সেই নিম্নমুখী ধারা ভেঙে নতুন করে প্রবৃদ্ধি দেখা গেছে, যা রপ্তানি খাতে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। এপ্রিলে এই খাত থেকে আয় হয়েছে ৩১৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১.২১ শতাংশ বেশি। গত বছর এপ্রিলে এই খাতের আয় ছিল ২৩৯ কোটি ডলার। এ সময়ে নিট পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৩০ শতাংশ এবং ওভেন পোশাক বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

বিজ্ঞাপন

ইপিবির প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে দেশের মোট পণ্য রপ্তানি হয়েছে ৩ হাজার ৯৩৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.০২ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি ছিল ৪ হাজার ২০ কোটি ডলার।

তবে শুধু তৈরি পোশাক নয়, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যসহ বিভিন্ন খাতেও এপ্রিলে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বিশ্লেষকদের মতে, একাধিক খাতে এই সমন্বিত প্রবৃদ্ধিই সামগ্রিক রপ্তানি আয়ের উন্নতিতে ভূমিকা রেখেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD