Logo

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৪:১৩
একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
ছবি: সংগৃহীত

কমার মাত্র একদিন পরই দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। নতুন করে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ফের ২ লাখ ৪২ হাজার টাকার ঘর ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার প্রকাশ করে। জানানো হয়, সকাল ১০টা থেকেই সংশোধিত এ দাম কার্যকর হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এর আগে মঙ্গলবার (৫ মে) একই মানের সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হবে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার নতুন দাম নির্ধারণ হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

শুধু সোনা নয়, রুপার দামেও এসেছে ঊর্ধ্বগতি। নতুন মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।

বিজ্ঞাপন

বিশ্ববাজারে সাম্প্রতিক অস্থিরতার প্রভাবেই দেশের বাজারে মূল্য সমন্বয়ের এই প্রবণতা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত পরিস্থিতি শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি –এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে অবস্থান করছে। যদিও চলতি বছরের জানুয়ারির শেষদিকে তা ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়ে যায় এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকলে দেশের বাজারেও সোনা ও রুপার দামে আরও পরিবর্তন আসতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD