আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি

নতুন অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম ছয় মাসের জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞাপন
এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতির ঘোষণা দেবেন। জুলাই থেকে ডিসেম্বর মেয়াদের জন্য প্রণীত এ নীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বহাল রাখা হতে পারে। এ কারণে নীতি সুদহার (রেপো রেট) আগের মতো ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো এবং অর্থনীতির গতি ফেরাতে কয়েকটি নতুন উদ্যোগের ঘোষণাও আসতে পারে।
আরও পড়ুন: সংশোধনীসহ জাতীয় সংসদে অর্থ বিল-২০২৬ পাস
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি। সংশ্লিষ্ট সূত্র বলছে, উৎপাদনমুখী খাতে ঋণ বিতরণ বাড়ানো, বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে একাধিক পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমে না আসায় এবারও নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে।
সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়ে বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে, তার সম্ভাব্য রূপরেখা তুলে ধরা হয় মুদ্রানীতিতে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় রাখার বিষয়গুলোও এতে গুরুত্ব পায়।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাস অন্তর মুদ্রানীতি প্রকাশ করে। আজ ঘোষিত মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।







