বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বার্ষিক সমাপনী মজুদ গণনা, সম্পদের মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রম পরিচালনার জন্য বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনায় জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেলের সই করা আদেশে বলা হয়েছে, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোগুলোতে ১ জুলাই বার্ষিক সমাপনী মজুদ গণনা এবং বাস্তব যাচাই কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনায় ওই দিন জ্বালানি তেলের বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে বিমান চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, দেশি ও বিদেশি বিমান সংস্থাগুলোতে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোর জেট-এ-১ সংরক্ষণ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুত শেষ করে সরবরাহ কার্যক্রম সচল রাখতে হবে।
এই বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর বিপণন কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বিপিসি।
বিজ্ঞাপন
এই আদেশের অনুলিপি যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।







