জুলাইয়ে দেশে আসছে ১১ কার্গো এলএনজি

দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি জুলাই মাসে মোট ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এসব কার্গোতে প্রায় ৩ কোটি ৫২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি দেশে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথম চালান আগামী ৬ বা ৭ জুলাই দেশে পৌঁছাতে পারে।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে জুলাই মাসের জন্য ১১টি এলএনজি কার্গো নিশ্চিত করা হয়েছে। এগুলো দীর্ঘমেয়াদি চুক্তি, স্বল্পমেয়াদি চুক্তি এবং আন্তর্জাতিক স্পট মার্কেট—এই তিন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞাপন
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, জুলাই মাসে আমদানি করা ১১টি কার্গোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়, তিনটি স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে এবং বাকি সাতটি আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা হয়েছে। সব কার্গোই চলতি মাসের মধ্যেই দেশে পৌঁছানোর কথা রয়েছে।
প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সরকার নিয়মিতভাবে বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করছে। সাধারণত প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।
এর আগে জুন মাসে সরকার মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করেছিল। দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেট থেকে কেনা ওই চালানগুলোর মোট পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।
বিজ্ঞাপন
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা যায়, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং বাংলাদেশে এলএনজি সরবরাহ করে আসছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে।
বিজ্ঞাপন
সরকার প্রতি মাসেই সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনের ভিত্তিতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকেও প্রয়োজন অনুযায়ী এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে। সংশ্লিষ্টদের আশা, জুলাই মাসে ১১টি কার্গো দেশে পৌঁছালে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে জ্বালানির চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে।








