গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ, এলপিজির নতুন দাম ঘোষণা আজ

দেশের ভোক্তাপর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) জুলাই মাসে কত দামে বিক্রি হবে, সে বিষয়ে আজ বৃহস্পতিবার (২ জুলাই) নতুন ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য কার্যকর হলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে নাকি কমবে, তা আজই স্পষ্ট হবে।
বিজ্ঞাপন
বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী দেশের বেসরকারি এলপিজির মূল্য পুনর্নির্ধারণ করা হবে। বৈশ্বিক বাজারদর এবং আমদানি ব্যয়ের ভিত্তিতেই কমিশন প্রতি মাসে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে থাকে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই মাসের নতুন মূল্য ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
নতুন মূল্যসংক্রান্ত আদেশ প্রকাশের পর তা বিইআরসির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। ফলে সংবাদ সম্মেলনের পাশাপাশি অনলাইনেও ভোক্তা ও সংশ্লিষ্টরা হালনাগাদ মূল্য জানতে পারবেন।
এর আগে সর্বশেষ গত ২ জুন এলপিজির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বিইআরসি। সে সময় ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত এলপিজিভিত্তিক জ্বালানি অটোগ্যাসের দামও হ্রাস করা হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।
প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দামের ওঠানামা, আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে বিইআরসি দেশের ভোক্তাপর্যায়ের নতুন মূল্য নির্ধারণ করে। ফলে জুলাই মাসে এলপিজির দাম বাড়বে, কমবে নাকি অপরিবর্তিত থাকবে—সেই অপেক্ষায় রয়েছেন দেশের লাখো গ্রাহক ও এলপিজি খাতের সংশ্লিষ্টরা।








