দুই দফা কমার পর আবার বাড়ল সোনা-রুপার দাম

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সংশোধিত দর কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আগের কার্যকর মূল্য ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কার বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি এসেছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৭৮২ টাকায়।
বিজ্ঞাপন
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৯০৭ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম রাখা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।
বাজুস নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারে বিশুদ্ধ সোনা ও রুপার দামের ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য সমন্বয় করে থাকে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।








