Logo

মামলা থাকলে মিলবে না বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা সুবিধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১২:৫৭
মামলা থাকলে মিলবে না বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা সুবিধা
ছবি: সংগৃহীত

সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে মামলা চলমান থাকলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ কিংবা অন্যান্য নীতি সহায়তার সুবিধা পাবে না। এ ধরনের সুবিধা গ্রহণের আগে সংশ্লিষ্ট সব মামলা প্রত্যাহার করতে হবে বলে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, প্রণোদনা বা অন্য যেকোনো নীতি সহায়তার আবেদন বিবেচনার আগে আবেদনকারীর বিরুদ্ধে নয়, বরং আবেদনকারী সরকারের, বাংলাদেশ ব্যাংকের অথবা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কোনো রিট পিটিশন বা অন্য মামলা করেছেন কি না, তা যাচাই করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, যদি আবেদনকারীর দায়ের করা কোনো মামলা বিচারাধীন থাকে, তাহলে সেটি প্রত্যাহারের পরই প্রণোদনা বা নীতি সহায়তার আবেদন বিবেচনা করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে প্রত্যাহার করা মামলার তালিকা জমা নিতে হবে। পাশাপাশি একটি হলফনামাও দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে তার আর কোনো মামলা বিচারাধীন নেই।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন সময় নানা ধরনের নীতি সহায়তা ও প্রণোদনা চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

এসব উদ্যোগের আওতায় রপ্তানিমুখী বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা, কৃষি খাত, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) এবং অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত খাতের ঋণগ্রহীতাদের বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু গ্রাহক একদিকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তার সুবিধা নিচ্ছেন, অন্যদিকে একই সময়ে সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে রিট পিটিশনসহ বিভিন্ন মামলা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই পরিস্থিতিকে অসঙ্গত উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবস্থায় কোনো আবেদন গ্রহণ করা হবে না। মামলা প্রত্যাহারের শর্ত পূরণ করলেই কেবল সংশ্লিষ্ট আবেদন নীতি অনুযায়ী বিবেচিত হবে।

নতুন নির্দেশনা বাস্তবায়নের জন্য সব ব্যাংককে আবেদনকারীদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে প্রণোদনা বা নীতি সহায়তা অনুমোদনের আগে আবেদনকারীর হলফনামা এবং মামলা প্রত্যাহারের প্রমাণপত্র সংগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি সহায়তা গ্রহণের ক্ষেত্রে নতুন একটি শর্ত যুক্ত হলো। ফলে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কোনো প্রণোদনা প্যাকেজ বা বিশেষ নীতি সহায়তা পেতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আগে সরকার, কেন্দ্রীয় ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে চলমান সব মামলা প্রত্যাহার নিশ্চিত করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD