Logo

জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১৫ আগস্ট, ২০২৬, ১৮:১৩
জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের চলমান জ্বালানি সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বাড়ানো এবং নতুন গ্যাসকূপ খননের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। তবে এসব অবকাঠামো গড়ে তুলতে সময় লাগবে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরের একটি হলরুমে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আগের বছরের প্রকল্প বাস্তবায়নের মূল্যায়ন নিয়ে ওই কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের বিষয়টি বর্তমানে স্পষ্ট হয়ে উঠেছে। এই সংকট থেকে দীর্ঘমেয়াদে বের হতে হলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার জন্য সরকারকে সময় দিতে হবে।

বিজ্ঞাপন

তার মতে, শুধু তাৎক্ষণিকভাবে জ্বালানি সরবরাহ বাড়ালেই স্থায়ী সমাধান হবে না। টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি, নতুন কূপ অনুসন্ধান ও খননসহ দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়াতে হবে।

মন্ত্রী বলেন, এসব কার্যক্রম বাস্তবায়ন করে জ্বালানি পরিস্থিতিকে স্থিতিশীল পর্যায়ে নিতে প্রায় দুই বছর সময় প্রয়োজন হতে পারে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশে প্রতিদিন যে পরিমাণ জ্বালানির চাহিদা তৈরি হচ্ছে, তা বিদ্যমান সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ। বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় জ্বালানির ব্যবহারও সাধারণত বেশি থাকে। ফলে চাহিদা ও সরবরাহের ব্যবধান আরও দৃশ্যমান হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাত সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ গুরুত্বপূর্ণ।

এ কারণে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকারের লক্ষ্য হচ্ছে, একদিকে স্বল্পমেয়াদে আমদানির মাধ্যমে সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়া এবং অন্যদিকে দেশীয় উৎসের সক্ষমতা বাড়িয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকটের ওপর নির্ভরতা কমানো।

কৃষি খাতের সম্ভাবনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের কৃষিতে বিপুল সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে সরকার কৃষি উৎপাদন থেকে আরও বেশি অর্থনৈতিক রিটার্ন নিশ্চিত করতে চায়।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতকে আরও লাভজনক করার দিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

কর্মশালা শেষে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD