নতুন দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান আবারও শিক্ষকতা পেশায় ফিরেছেন। তিনি দেশের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এ নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞাপন
পোস্টে ফাওজুল কবির খান লেখেন, পূর্বপুরুষদের পেশা শিক্ষকতায় ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। তার দাদা ছিলেন মাদ্রাসার শিক্ষক এবং বাবা ছিলেন কলেজ শিক্ষক। সেই পারিবারিক ধারাবাহিকতাতেই তিনি শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে তার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ১৫ বছরেরও বেশি। উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার আগে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠদান করতেন। এর আগে প্রায় পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদেও শিক্ষকতা করেছেন।
বিজ্ঞাপন
ফাওজুল কবির খান আরও জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি শুধু পাঠদানই করবেন না, প্রতিষ্ঠানটির ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’-এর পরিচালনার দায়িত্বও পালন করবেন।
পোস্টের শেষাংশে তিনি নতুন দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। ড. মুহাম্মদ ফাওজুল কবির খান দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক সচিব হিসেবে পরিচিত।








