সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য চালু হচ্ছে ফি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পরীক্ষার ব্যয় নির্বাহে নির্ধারিত হারে ফি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পরীক্ষা আয়োজনের খরচ মেটাতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ফি নেওয়া হবে এবং এ বিষয়ে শিগগিরই বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, বিদ্যালয় পর্যায়ে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোন শ্রেণির শিক্ষার্থীদের কত পরিমাণ ফি দিতে হবে, সে বিষয়ে দ্রুত নির্দেশনা জারি করা হবে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রধান শিক্ষকদের জন্য যে স্লিপভিত্তিক বরাদ্দ দেওয়া হয়, তা অনেক সময় পরীক্ষার সম্পূর্ণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট হয় না। ফলে কিছু ক্ষেত্রে শিক্ষকদের নিজস্ব অর্থ ব্যয় করে পরীক্ষার আয়োজন সম্পন্ন করতে হয়।
মো. সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষকদের ব্যক্তিগতভাবে আর্থিক চাপ থেকে মুক্ত রাখতে এবং পরীক্ষার ব্যয় সুষ্ঠুভাবে পরিচালনা করতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত সীমার মধ্যে ফি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গার্ল গাইডসের ‘হলদে পাখি’ কার্যক্রমের সম্প্রসারণকে কেন্দ্র করে আয়োজিত ওই সম্মেলনে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








