এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমাতে সিলেবাস ও কারিকুলামে পরিবর্তন আনার কাজ চলছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলও পরীক্ষা শেষে দুই মাসের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, দেশে কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ হবে। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এ কারণে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের মাধ্যমে সরকার এই খাতে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছে।
শিক্ষাক্ষেত্রে সেশনজট কমানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, ২০২৮ সালের মধ্যে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত পরবর্তী ধাপে ভর্তি হতে পারে। কলেজ শিক্ষা শেষ করেই তারা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের জন্য নতুন কিছু উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
পাঠ্যবই পরিমার্জনের বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই সংশোধিত ও হালনাগাদ বই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা বই হাতে পায়।
বিজ্ঞাপন
কোচিংনির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।








