ঢাকা থেকেই নজরদারিতে থাকবে সারাদেশের এইচএসসি পরীক্ষা

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ঢাকা থেকে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে দেশের যেকোনো কেন্দ্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা করবে। মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ কার্যদিবসে সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী।
বিজ্ঞাপন
এবার পরীক্ষার জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র এবং ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








