Logo

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১২:৩২
বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

বিজ্ঞাপন

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।

বিজ্ঞাপন

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে শিক্ষা বোর্ডগুলো কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ এবং কক্ষ ব্যবস্থাপনা বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞাপন

প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক থাকবেন এবং কোনো কক্ষে দুজনের কম দায়িত্ব পালন করতে পারবেন না। বসার ব্যবস্থাও নির্ধারিত নিয়ম অনুযায়ী করা হবে। পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারলেও পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সবাইকে নিজ নিজ কক্ষে উপস্থিত থাকতে হবে। বিশেষ পরিস্থিতিতে বিলম্বে আসা পরীক্ষার্থীর তথ্য নথিভুক্ত করে প্রবেশের অনুমতি দেওয়া যাবে।

পরীক্ষার তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করা হবে। পরীক্ষার দিন পুলিশি প্রহরায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো হবে এবং নির্ধারিত সেট কোড পাওয়ার পরই খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে প্রশ্ন ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কাঁটাযুক্ত ঘড়ি ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা-সংক্রান্ত সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD