এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা যাতে স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে এবং পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও কঠোর তদারকি বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সুযোগ যেন না থাকে, সে বিষয়ে কেন্দ্রসংশ্লিষ্টদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী এবং বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা।
বিজ্ঞাপন
সভা শেষে অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মোট ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








