এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত-প্রভাবমুক্ত থাকবে

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত এবং যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম কিংবা প্রশ্নফাঁসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিজ্ঞাপন
রবিববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে। এ বিষয়ে যেকোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে বরদাশত করা হবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শিক্ষা খাতে আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। এই অচলাবস্থা দূর করে শিক্ষাঙ্গনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন








