Logo

অভিন্ন প্রশ্নপত্রে আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ০৯:৩৩
অভিন্ন প্রশ্নপত্রে আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি

সারা দেশে আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

নির্ধারিত সময় অনুযায়ী প্রথম শিফটের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

বিজ্ঞাপন

পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হওয়া এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, সব সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র ব্যবহার করা হবে। একই সঙ্গে প্রশ্নফাঁস রোধে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায় অবস্থিত। পরীক্ষা পরিচালনায় শিক্ষা কর্তৃপক্ষ ৩৫ দফা নির্দেশনা জারি করেছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে অনলাইনের মাধ্যমে দেশের সব কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

পরীক্ষাকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষপরিদর্শক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো কক্ষে দুইজনের কম পরিদর্শক রাখা যাবে না। পরীক্ষার্থীদের বসার ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে। পাঁচ ফুট বাই ছয় ফুট বেঞ্চে সর্বোচ্চ দুইজন এবং চার ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।

বিজ্ঞাপন

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ধাপে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করা হবে। পরীক্ষার দিন ট্যাগ অফিসার ও পুলিশের নিরাপত্তায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্র খোলা যাবে না এবং মোবাইলের মাধ্যমে সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্র খোলার অনুমতি থাকবে। নির্ধারিত সেটের বাইরে অন্য কোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই বললেই চলে। তারপরও কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সারা দেশের ওই দিনের পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসার নির্দেশনা দেওয়া হয়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিরাপদ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি কিংবা যেকোনো ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সংশোধিত পাবলিক পরীক্ষা আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষক বা কর্মকর্তা অনিয়মে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া, নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং কর্মদক্ষতাকেও সমান গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, ভবিষ্যতে ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD