এইচএসসি পরীক্ষার ২য় দিনে ১৭ শিক্ষার্থী বহিষ্কার

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিন ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন এবং অনুপস্থিত থাকেন ২৭ হাজার ৩২৭ জন।
বিজ্ঞাপন
অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ১৭ জনের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৭ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ জন এবং ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রে ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে অংশ নেয় ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন এবং অনুপস্থিত ছিল ১৯ হাজার ৬৩৯ জন।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৪ হাজার ৪৫৬ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৮৪৬ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৯৫৬ জন, যশোর বোর্ডে ২ হাজার ৩৬২ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৯০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ২৭৬ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৪৬৭ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৫১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বহিষ্কারের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় মোট ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৯১ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন। এ বোর্ডে অসদুপায়ের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৩ হাজার ২৬৩ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন এবং ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিচ্ছিন্ন কিছু অনিয়মের ঘটনা ছাড়া সারাদেশে দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সন্তোষজনক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।








