Logo

শিক্ষামন্ত্রীর নির্দেশে কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ২১:৫৩
শিক্ষামন্ত্রীর নির্দেশে কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রে দায়িত্ব পালনকারী সব শিক্ষক ও কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা কলেজে এসেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার সময় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই কক্ষে পরীক্ষায় অংশ নেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থীরা।

পরীক্ষা শেষে নুসরাত জাহান নামে এক পরীক্ষার্থী বলেন, সারা দেশে সবাই একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলেও তাদের কক্ষের প্রায় ১০০ শিক্ষার্থী ভিন্ন প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। এতে ফলাফল নিয়ে তারা উদ্বিগ্ন। তার ভাষায়, এখন তারা পাস করবেন কি না, কিংবা ভালো ফল করতে পারবেন কি না—সেই শঙ্কাই সবচেয়ে বেশি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD