ঈদে আসছে ‘রাক্ষস’ প্রথম পোস্টারেই নজর কাড়ল

ঈদের বড় সিনেমার তালিকায় স্থান পাওয়া নতুন ছবি ‘রাক্ষস’-এর প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে সিয়াম আহমেদ এক চেয়ারে বসে আছেন, ঠোঁটে সিগারেট এবং হাতে রক্তমাখা চাপাতি ধরে। চারপাশে ছড়িয়ে থাকা মৃতদেহের ওপর গোলাপের পাতা পড়ছে। লাল রঙের টাইটেল লোগোতে লেখা রয়েছে ছবির নাম ‘রাক্ষস’।
বিজ্ঞাপন
পোস্টারটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। ছবির প্রযোজক হলেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি, এবং পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।
প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, “‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প, যা ফ্যামিলি ড্রামার সঙ্গে যুক্ত। অনেকদিন ধরে পর্দায় এমন ক্রেজি লাভ স্টোরি দেখা যায়নি। আমরা বিশ্বাস করি, ছবিটি এবারের ঈদে দর্শকের প্রিয় হয়ে উঠবে।”
বিজ্ঞাপন
আগের ছবি ‘বরবাদ’-এর তুলনায় ‘রাক্ষস’-এ তিনগুণ বেশি ভায়োলেন্স থাকবে বলেও জানিয়েছেন সুমি। তিনি আরও যোগ করেন, যারা একবার ছবিটি দেখবে, তারা বারবার দেখতে চাইবে।
ছবির আইটেম গানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক, যিনি ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি সালমান খানের ‘বিগ বস’ শোতেও অংশ নিয়েছেন।
প্রযোজক জানান, খুব শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে এবং ঈদের আগে মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হবে।








