প্রায় এক যুগ পর আবারও একসঙ্গে রবি তেজা ও তামান্না

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি রবি তেজা ও তামান্না ভাটিয়া আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। প্রায় এক যুগ পর তাদের সম্ভাব্য পুনর্মিলনের খবরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, পরিচালক শিবা নির্ভানা নির্মিত নতুন সিনেমা‘ইরুমুডি’তে অভিনয়ের জন্য এই দুই তারকাকে ভাবা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে প্রায় ১১ বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে রবি তেজা ও তামান্নাকে, যা দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক হয়ে উঠতে পারে।
বিনোদনবিষয়ক ওয়েবসাইট পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরুমুডি’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তামান্না ভাটিয়াকে বিবেচনা করছেন নির্মাতারা। ছবির প্রধান ভূমিকাগুলোর একটিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্মাতা পক্ষ।
বিজ্ঞাপন
এর আগে ‘বেঙ্গল টাইগার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন রবি তেজা ও তামান্না ভাটিয়া। ২০১৫ সালে মুক্তি পায় এটি। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেন সম্পদ নন্দী। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। ‘ইরুমুডি’ সিনেমায় অভিনয়ের খবরটি যদি সত্যি হয়, তবে ১১ বছর পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে রবি-তামান্নাকে।
আরও পড়ুন: ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিৎ: শ্রাবন্তী
বিশ্বাস, ভক্তি এবং আত্মিক পরিবর্তনের মতো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। সিনেমাটিতে আরো অভিনয় করবেন—প্রিয়া ভবানী শঙ্কর, বেবি নক্ষত্র, সাই কুমার, অজয় ঘোষ, ইন্দিরা, রাজকুমার প্রমুখ।
বিজ্ঞাপন
এদিকে তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত বছরের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার ছয়টি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘রোমিও’, ‘রেঞ্জার’, ‘ভিভ্যান’, ‘মারিয়া আইপিএস’ প্রভৃতি। তাছাড়া তামিল ও তেলেগু ভাষার দুটো সিনেমার কাজও হাতে নিয়েছেন এই অভিনেত্রী।








