সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী হর্ষিল কালিয়া

ভারতের মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুটিং শেষে বাড়ি ফেরার পথে জয়পুরের মানসরোবর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে নগর নিগম অফিসের কাছে একটি মোড় ঘুরতে গিয়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটি প্রচণ্ড গতিতে ডিভাইডারে আছড়ে পড়ার ফলে হর্ষিল মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৩০ বছর।
হর্ষিল কালিয়া মডেল, অভিনেত্রী এবং সাবেক সংবাদ উপস্থাপিকা ছিলেন। তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে পড়াশোনা করেন এবং ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন। টেলিভিশনে সংবাদ উপস্থাপিকার পাশাপাশি তিনি ‘ক্রাইম নেক্সট ডোর’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পান।
বিজ্ঞাপন
এছাড়া ‘হাট পাগলি’সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’-এ ফার্স্ট রানার-আপ হন এবং ‘মিস পিঙ্ক সিটি’-এর ফাইনালিস্ট ছিলেন।








