সাঁতার জানতেন রাহুল, পাকস্থলিতে মিলেছে বালি ও নোনাজল

সদ্যপ্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তার পাকস্থলীতে প্রচুর পরিমাণে বালি ও নোনাজল পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, সমুদ্রে তলিয়ে যাওয়ার সময় গভীর পানির চাপ ও সমুদ্রের বালি শরীরে প্রবেশ করেছিল।
বিজ্ঞাপন
রবিবার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন রাহুলের সঙ্গে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তার ব্যক্তিগত গাড়িচালক জানান, রাহুল সাঁতার জানতেন। তবে আকস্মিক পরিস্থিতি, নার্ভাস অবস্থা অথবা পানির গভীরতার কারণে তিনি কুলিয়ে উঠতে পারেননি। শুটিং ইউনিটের কয়েকজন কর্মী তাকে বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।
চালক আরও অভিযোগ করেছেন, শুটিং স্পটে জরুরি চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না, যা থাকলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর সোমবার সকালে তমলুক হাসপাতালে হাজারো মানুষ রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছান। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। হাসপাতালের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।
নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য জানান, কলকাতার বিজয়গড়ের ভোলা বসু ভবনে রাহুলের মরদেহ রাখা হবে। এখানে দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেলের দিকে মরদেহ কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞাপন
তলিয়ে যাওয়া এই জনপ্রিয় অভিনেতার অনাকাঙ্ক্ষিত মৃত্যু টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীদের মধ্যে গভীর শোক সৃষ্টি করেছে। প্রিয় অভিনেতার এমন হঠাৎ বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও ভক্তরা।








