মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বদলে গেল শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং পরিকল্পনা

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং সূচিতে। বড় বাজেটের এই সিনেমার নির্ধারিত শুটিং পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন নির্মাতারা।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং দুবাইয়ে হওয়ার কথা ছিল। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্মাতা দল। এর পরিবর্তে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সেট নির্মাণ করে শুটিং চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ে টানা এক সপ্তাহ ‘কিং’ সিনেমার শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। সেই কারণেই ঝুঁকি না নিয়ে শুটিং পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞাপন
পুরো ইউনিটকে দুবাই না পাঠিয়ে বিকল্প হিসেবে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় একটি স্টুডিওতে দুবাইয়ের মরুভূমির আদলে বিশাল সেট নির্মাণ করা হয়েছে। এই সেটেই সিনেমার গুরুত্বপূর্ণ অ্যাকশন ও চেজিং দৃশ্যের শুটিং করা হবে। জানা গেছে, এই অংশে সুহানা খান ও অনিল কাপুর অংশ নেবেন এবং পরিচালনায় থাকবেন সিদ্ধার্থ আনন্দ।
উল্লেখ্য, ‘কিং’ সিনেমার একটি বড় অংশের শুটিং ইতোমধ্যে লন্ডনে সম্পন্ন হয়েছে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় পর্দার দর্শকদের জন্য মানসম্মত চিত্রায়ণ আনতে কোনো খামতি রাখতে চাইছেন না নির্মাতারা। ফলে বিদেশের লোকেশন বাতিল হলেও স্টুডিওতে ব্যয়বহুল সেট নির্মাণের মাধ্যমে তার চেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।








