Logo

লুবাবার জীবনসঙ্গী কে এই হাফেজ মুনির

profile picture
বিনোদন প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৩:৪৮
লুবাবার জীবনসঙ্গী কে এই হাফেজ মুনির
ছবি: সংগৃহীত

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে। মূলত নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকেই বিয়ের গুঞ্জনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

পোস্টে লুবাবা জীবনসঙ্গীর উল্লেখ করে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে বর ও কনের মুখ স্পষ্ট দেখা যায়নি। এছাড়া পাত্রের পরিচয়ও প্রকাশ করেননি, যা নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। অনেকেই জানতে আগ্রহ প্রকাশ করেন, তার জীবনসঙ্গী কে।

পরবর্তীতে জানা গেছে, লুবাবার বাগদান হয়েছে মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন মাহমুদ বিন মুনির। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বিষয়ে আপাতত বিস্তারিত জানানো হয়নি, তবে সবাইকে দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, পারিবারিক ব্যবসার সূত্রে বর্তমানে কুয়েতে বসবাস করছেন মাহমুদ বিন মুনির। ২০২১ সাল থেকে তিনি সেখানে অবস্থান করছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা রয়েছে। পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার পর তিনি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদরাসায়।

লুবাবার সঙ্গে সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। তিনি প্রয়াত অভিনেতা আবদুল কাদের-এর নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করে তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। পরে জানা যায়, ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন লুবাবা এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান। তার মা গণমাধ্যমকে বলেছিলেন, প্রকাশ্যে আর উপস্থিত হবেন না তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD