মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন সংগীতশিল্পী কনকচাঁপা

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সোমবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানান।
বিজ্ঞাপন
কনকচাঁপা স্ট্যাটাসে লেখেন, ‘প্রিয় বিশ্ববাসী, আস সালামু আলাইকুম। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।’
পরবর্তীতে সংরক্ষিত নারী আসনে অংশ নেওয়ার আগ্রহের কথাও উল্লেখ করে তিনি লেখেন, সেখানেও তার নাম চূড়ান্ত তালিকায় আসেনি। তবুও তিনি এটিকে আল্লাহর মঙ্গল হিসেবে দেখছেন এবং মনে করেন জীবন এখানেই শেষ নয়।
বিজ্ঞাপন
সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে এই সংগীতশিল্পী লেখেন, সবাই যেভাবে তার পাশে ছিলেন, ভবিষ্যতেও একইভাবে থাকার আহ্বান জানান। তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করার আরও অনেক সুযোগ রয়েছে।
দেশের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে কনকচাঁপা আরও লেখেন, ভবিষ্যতেও তিনি দেশের পাশে থাকতে চান। শেষ পর্যন্ত তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন কনকচাঁপা। তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকায় বিষয়টি নিয়ে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।








