মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী দিব্যাঙ্কা

ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
তবে আকস্মিক এই ঘটনায় অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন।
বিজ্ঞাপন
পড়াশোনায় মেধাবী এই অভিনেত্রী চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ভাই ও দুই বোনের মধ্যে দিব্যাঙ্কা ছিলেন সবার প্রিয়।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার গভীর আগ্রহ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। বিশেষ করে টিকটক বন্ধ হওয়ার পর ইনস্টাগ্রামেও নিজের উপস্থিতি আরও জোরালোভাবে ধরে রাখেন এবং সেখানেও ভক্তদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।








