Logo

অর্থ আত্মসাতের মামলায় পূজা চেরির বাবা কারাগারে

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ২০:২১
অর্থ আত্মসাতের মামলায় পূজা চেরির বাবা কারাগারে
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নির্মাণের নামে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় এবং সেদিনই কারাগারে পাঠানো হলেও বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার (২৫ এপ্রিল)।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় গত ১৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ওই দিনই ভুক্তভোগী মিজানুর রহমানের ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার আবেদন করেন ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেল ৩টার দিকে অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় অতিবাহিত হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইতে গেলে নানা অজুহাত ও তালবাহানা করা হয় এবং পরবর্তীতে হুমকিও দেওয়া শুরু হয়। এভাবে বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD