মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলছে ‘ককটেল ২’

বলিউডের বহুল প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’ মুক্তির আগেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বড় পর্দায় সিনেমাটি মুক্তি পেতে আর মাত্র একদিন বাকি থাকলেও আগাম বুকিংয়ে রীতিমতো সাড়া ফেলেছে এই সিক্যুয়েল। প্রযোজনা সংশ্লিষ্টদের মধ্যে এখনই দেখা দিয়েছে উচ্ছ্বাস।
বিজ্ঞাপন
ট্রেড ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যেই সিনেমাটির ৭১ হাজারের বেশি টিকিট আগাম বিক্রি হয়েছে। সংরক্ষিত আসন বাদ দিয়ে ছবিটির অগ্রিম গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি।
অন্যদিকে ব্লক সিটসহ হিসাব করলে মুক্তির আগেই আয় পৌঁছে গেছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। সিনেমা বিশ্লেষকদের মতে, এই অগ্রিম বুকিংয়ের ধারা মুক্তির পর বক্স অফিসে শক্তিশালী শুরু করার ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ‘ককটেল ২’ নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গেছে দিল্লি-এনসিআর এলাকায়। শুধু এই অঞ্চলেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ৯৬ লাখ রুপি। এর ঠিক পরেই রয়েছে মায়ানগরী মুম্বই, যেখান থেকে বুকিং এসেছে প্রায় ৬৪ লাখ।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ ব্যাপক সাফল্য পেয়েছিল। সেই ছবিতে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টির অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করেছিল। দীর্ঘ সময় পর নির্মিত এই সিক্যুয়েলে এসেছে বড় পরিবর্তন। এবার নতুন কিস্তিতে অভিনয় করছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন।
বিজ্ঞাপন









