Logo

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাতের পর মুগ্ধ সামান্থা

profile picture
বিনোদন ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৪:১১
মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাতের পর মুগ্ধ সামান্থা
ছবি: সংগৃহীত

অভিনয়ের সূত্রে বহুবার একসঙ্গে কাজ করেছেন তারা। তিনটি জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন থালাপতি বিজয় ও সামান্থা রুথ প্রভু। তবে সাম্প্রতিক এই সাক্ষাৎ ছিল একেবারেই ভিন্ন মাত্রার। কারণ এরই মধ্যে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিজয়। ফলে নতুন ভূমিকায় তাকে প্রথমবার দেখে আবেগাপ্লুত হয়েছেন সামান্থা রুথ প্রভু।

বিজ্ঞাপন

বুধবার চেন্নাইয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যান জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে বিজয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গন এবং রাজ্যের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিজয়ের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে দীর্ঘ অনুভূতি শেয়ার করেন সামান্থা।

অভিনেত্রী লেখেন, ‘আমার সবসময়ই মনে হয়েছিল, বিজয় স্যার কেবল পর্দার নায়ক হয়ে থাকার জন্য তৈরি হননি। তার প্রাণশক্তি, উপস্থিতি এবং তার প্রতি মানুষের প্রতিক্রিয়া দেখে সবসময় মনে হয়েছে, তিনি আরও বড় কোনো দায়িত্ব পালনের জন্যই জন্মেছেন।’

বিজ্ঞাপন

বিজয়কে সাধুবাদ জানিয়ে সামান্থা লেখেন, ‘যে অঙ্গনে আপনি সাফল্যের শিখরে পৌঁছেছেন, সেটি ছেড়ে এমন এক চ্যালেঞ্জ গ্রহণ করা, যেখানে ঝুঁকি অনেক বেশি—এটার জন্য বিপুল সাহস লাগে। সহজ বলে নয়, বরং পরিবর্তন আনার বিশ্বাস থেকেই এমন সিদ্ধান্ত নিতে হয়। আমার বিশ্বাস, জীবনের কোনো এক সময় আমরা সবাই আরও বেশি কিছু করার তাগিদ অনুভব করি। নিজেদের সীমার বাইরে গিয়ে ভাবি, সমাজের জন্য কী করতে পারি, সেটা ভাবি। কিন্তু খুব অল্প মানুষই সেই ডাকের জবাব দিতে পারেন।’

তিনি করেন, যাদের ভোটে বিজয় মুখ্যমন্ত্রী হয়েছেন, সে জনগণকে চমকে দেবেন তিনি। কারণ তিনি দায়িত্বের প্রতি নিষ্ঠাবান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সামান্থা ও বিজয় একসঙ্গে ‘কাত্থি’, ‘থেরি’ এবং ‘মেরসাল’ সিনেমায় অভিনয় করেছেন। তিনটি সিনেমাই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এবং দর্শকদের কাছেও প্রশংসিত হয়েছিল।

অন্যদিকে সামান্থা বর্তমানে তার নতুন সিনেমা ‘মা ইন্তি বেঙ্গারাম’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD