Logo

বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয়

profile picture
বিনোদন ডেস্ক
১৭ জুন, ২০২৬, ২০:৫৮
বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয়
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নতুন করে আলোচনায় রয়েছেন। তার পুরোনো বিভিন্ন সাক্ষাৎকার ও বক্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এর মধ্যেই ধর্ম ও পারিবারিক মূল্যবোধ নিয়ে তার একটি মন্তব্য বিশেষভাবে নজর কাড়ছে।

বিজ্ঞাপন

‘বিস্ট’ সিনেমার প্রচারণার সময় পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক জীবন নিয়ে খোলামেলা কথা বলেন বিজয়। সেই পুরোনো ভিডিও এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সাক্ষাৎকারে বিজয় জানান, তার পরিবারে কখনো ধর্মকে বিভেদের কারণ হিসেবে দেখা হয়নি। তিনি বলেন, তার মা শোভা চন্দ্রশেখর হিন্দু ধর্মাবলম্বী এবং বাবা এস. এ. চন্দ্রশেখর খ্রিষ্টান। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা, আর ধর্ম কখনো তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি।

বিজ্ঞাপন

আধ্যাত্মিকতা প্রসঙ্গে বিজয় বলেন, তিনি গির্জায় গেলে মানসিক শান্তি অনুভব করেন। তবে শুধু গির্জাই নয়, মন্দির ও দরগায়ও একই ধরনের প্রশান্তি খুঁজে পান। তার ভাষায়, ধর্মীয় স্থান ভিন্ন হলেও সেখানে পাওয়া ইতিবাচক অনুভূতি একই রকম।

এ সময় পরিচালক নেলসন দিলীপকুমার ‘বিস্ট’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনা তুলে ধরেন। তিনি জানান, একদিন রাতের খাবারের পর হঠাৎ কিছু সময়ের জন্য সবার কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন বিজয়। পরে জানতে চাইলে অভিনেতা বলেন, তিনি একটি গির্জায় গিয়েছিলেন সিনেমাটির সব কলাকুশলীর জন্য প্রার্থনা করতে।

বিজয় আরও জানান, তিনি দক্ষিণ ভারতের বিখ্যাত পিল্লাইয়ারপট্টি ও তিরুনাল্লার মন্দিরে গিয়েছেন। পাশাপাশি ‘কাঠতি’ সিনেমার শুটিংয়ের সময় অন্ধ্রপ্রদেশের আমিনপীর দরগাও পরিদর্শন করেছিলেন। এসব স্থানেই তিনি মানসিক শান্তি ও ইতিবাচক শক্তির অনুভূতি পেয়েছেন বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

শৈশবের পাওয়া পারিবারিক শিক্ষার কথাও স্মরণ করেন এই অভিনেতা-রাজনীতিক। তার ভাষায়, ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দেওয়ার শিক্ষা তিনি পরিবার থেকেই পেয়েছেন, যা আজও তার জীবনদর্শন ও সিদ্ধান্তে প্রভাব ফেলে।

বিজয় বলেন, ছোটবেলায় যে উদার মানসিকতার পরিবেশে তিনি বড় হয়েছেন, নিজের পরিবারেও সেই একই দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করছেন। তার এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD