আইসিইউতে সংকটাপন্ন কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদ

দেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থা ভালো নয়। গত চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তার চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। অভিনেতার অসুস্থতার খবর জানিয়ে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মামুনুর রশীদের ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা জটিল। বুধবার তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগেও গত বছরের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই অভিনেতাকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের উভয় পাশে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ শনাক্ত হয়। এরপর টানা ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাকে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে নিজের বাসায় ফেরেন তিনি।
দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফিরে আবারও অভিনয়জগতে সক্রিয় হন তিনি। সম্প্রতি নেপাল সফরে গিয়ে দেশটির একটি স্থানীয় মঞ্চনাটকের নির্দেশনার দায়িত্বও পালন করেন এই নাট্যব্যক্তিত্ব।
মামুনুর রশীদ বাংলাদেশের মঞ্চনাটক ও অভিনয়শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়, নাট্যনির্দেশনা ও সংস্কৃতিচর্চায় অবদান রেখে চলেছেন তিনি। মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। নাট্যকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।








