Logo

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে অপমানের শিকার আলিয়া ভাট

profile picture
বিনোদন ডেস্ক
২২ জুন, ২০২৬, ১৫:২৯
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে অপমানের শিকার আলিয়া ভাট
ছবি: সংগৃহীত

ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ গিয়ে অপমানের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিভিন্ন আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যের জন্য আগে থেকেই আলোচনায় থাকা এই সঞ্চালকের শোতে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে পড়েন এবং পাল্টা জবাব দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলিয়ার ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’–এর প্রচারণার অংশ হিসেবে সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে নিয়ে শোতে উপস্থিত হন আলিয়া ভাট। সেখানে তার অভিনয় জীবন ও কান চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ টেনে বারবার ব্যঙ্গাত্মক মন্তব্য করতে থাকেন সময় রায়না।

বিজ্ঞাপন

একপর্যায়ে এই কৌতুক অভিনেতা মন্তব্য করেন, আলিয়ার মতো তারকা তাদের শোতে আসা অত্যন্ত গর্বের বিষয় হলেও, এটি আলিয়ার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিদেশি আলোকচিত্রীরা আলিয়াকে অবহেলা করেছিলেন- এমন বিতর্কিত বিষয় উল্লেখ করে সময় রায়না বলেন, সেখানে পাত্তা না পেলেও এই শোয়ের ক্যামেরাগুলো অন্তত আলিয়ার দিকেই তাক করা রয়েছে।

কথোপকথনের একপর্যায়ে সময় রায়না আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও ঠাট্টা করেন এবং জানান যে তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত। সঞ্চালকের এমন ক্রমাগত ‘রোস্টিং’ বা অবমাননাকর মন্তব্য সহ্য করতে না পেরে আলিয়া ভাট সরাসরি বলেন, ‘তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।’ এর জবাবে সময় রায়না উল্টো খোঁচা দিয়ে বলেন, ‘হ্যাঁ, ঠিক যেমনটা আপনার অভিনীত “জিগরা” সিনেমাটি দেখে আমি ভুল করেছিলাম।’

বিজ্ঞাপন

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, রসবোধের নামে ব্যক্তিগত আক্রমণ বা অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, সময় রায়না এর আগেও স্পর্শকাতর বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এবার বলিউডের শীর্ষ অভিনেত্রীকে শোতে আমন্ত্রণ জানিয়ে অপমানের অভিযোগ উঠায় নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD