গ্যালারিতে পপ তারকা শাকিরার পাশে থাকা তরুণ আসলে কে?

স্টেডিয়ামের গ্যালারিতে বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে ঘিরে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে এক তরুণকে শাকিরার গালে চুমু দিতে দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে। গ্যালারিতে বসে খেলা উপভোগ করছিলেন শাকিরা। ম্যাচ সম্প্রচারের সময় ক্যামেরা তার দিকে ঘুরতেই ধরা পড়ে ওই মুহূর্ত, যা পরে দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই জানতে চান, শাকিরার পাশে থাকা তরুণটি কে। কেউ কেউ ধারণা করেন, তিনি হয়তো তার ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের কোনো বিশেষ সদস্য। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া সেই তরুণ আসলে শাকিরারই ছেলে।
বিজ্ঞাপন
ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচ দেখতে শাকিরা তার দুই ছেলে মিলান ও সাশাকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে গিয়েছিলেন। খেলার একপর্যায়ে সম্প্রচার ক্যামেরা তাদের দিকে ফোকাস করলে ছেলেদের একজনকে মায়ের গালে স্নেহের চুমু দিতে দেখা যায়। স্বাভাবিক পারিবারিক এই মুহূর্তই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।
শাকিরার ব্যক্তিগত জীবন সম্পর্কে কম জানা অনেক দর্শক প্রথমে ভিডিওটি দেখে বিভ্রান্ত হন। ফলে বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও মন্তব্যও ছড়িয়ে পড়ে। তবে পরে বিষয়টি পরিষ্কার হলে সব ধরনের জল্পনার অবসান ঘটে।
বিজ্ঞাপন
এদিকে ম্যাচ চলাকালে আরও একটি পারিবারিক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেখানে শাকিরাকে দুই ছেলের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায়। মাঠের খেলার বাইরে এই পারিবারিক দৃশ্যই শেষ পর্যন্ত ম্যাচ-সংশ্লিষ্ট অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।








