Logo

সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা

profile picture
বিনোদন ডেস্ক
২২ জুন, ২০২৬, ১৭:১২
সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা
ছবি: সংগৃহীত

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোসিতো। বিশ্বখ্যাত টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেতা সৌদি আরবে অবস্থানকালে ইসলাম গ্রহণ করেছেন বলে জানা গেছে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তুর্কি আল-শেখ জানান, জানকার্লো এস্পোসিতো আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর মরক্কোর একটি মসজিদে তার শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন বলেও জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিনেতাকে মসজিদের ভেতরে শুটিং দলের সদস্যদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে সেখানকার মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের জীবনযাত্রা জানকার্লোকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে শুটিং চলাকালীন স্থানীয়দের আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাকে মুগ্ধ করেছে; যা শেষ পর্যন্ত তাকে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে।

বর্তমানে তিনি সৌদি আরবে নির্মাণাধীন বড় বাজেটের চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিংয়ের কাজে সেখানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে জানকার্লো এস্পোসিতো হলিউডের অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। তবে ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজে তার অভিনয় তাকে বিশ্বব্যাপী বিশেষ খ্যাতি এনে দেয়। বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং তাকে আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম জনপ্রিয় অভিনেতাদের কাতারে স্থান করে দিয়েছে।

সূত্র : সৌদি গ্যাজেট

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD