আমার স্বপ্ন আপনাদের হাতে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

‘৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর শুধু ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলন।’
বিজ্ঞাপন
আবেগঘন কণ্ঠে কথাগুলো বলেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় নাট্যশালায় আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমানে শারীরিকভাবে অসুস্থ ইলিয়াস কাঞ্চন দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবারও মানুষের পাশে এবং নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার শক্তি দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিসচার প্রতিষ্ঠাতা বলেন, তিন দশকেরও বেশি সময় আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে রূপ দিয়েছিলেন তিনি। দীর্ঘ পথচলায় সেই আন্দোলন এখন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। মানুষের জীবন রক্ষার জন্য সবাইকে সহযোদ্ধা হিসেবে কাজ করতে হবে।
আবেগাপ্লুত কণ্ঠে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’ বক্তব্যের শেষ দিকে দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।








