৩০ বছর পর শাবনূরকে নিয়ে মুখ খুললেন সালমান শাহর মা

ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে। তার মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময় অভিনেত্রী শাবনূরের নামও আলোচনায় এসেছে। সালমান শাহর মৃত্যুর পর দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা ধরনের কথা ছড়িয়েছিল।
বিজ্ঞাপন
এমনকি সালমান শাহ ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এমন গুঞ্জনও একসময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে শাবনূর বরাবরই দাবি করে এসেছেন, সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। এবার দীর্ঘদিন পর সেই সম্পর্ক নিয়ে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরীও।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর ছেলের মৃত্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন নীলা চৌধুরী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং তার ছেলে শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন।
নীলা চৌধুরী বলেন, তার ছেলের সঙ্গে শাবনূরের কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।
তিনি বলেন, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানতো। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনও প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করতো সাহায্য করতে। তার কোনও বোন ছিল না, সে বোনের মতোই দেখতো তাকে। স্নেহ করতো।’
বিজ্ঞাপন
নীলা চৌধুরীর এই কথায় শাবনুরের ভক্তরা সহমত প্রকাশ করছেন। তাদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে যে গুজব ছিল সেটি মিথ্যে বলেই তারা দাবি করছেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। তার প্রথম সিনেমায় নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ওই সিনেমার পর থেকেই বাংলা চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পায় সালমান শাহ ও শাবনূরের জুটি।
মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ মোট ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শুরু হওয়া এই জুটি পরবর্তী সময়ে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।
বিজ্ঞাপন
সালমান শাহ ও শাবনূর জুটি অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ মোট ১৪টি সিনেমা। তাদের জুটির অধিকাংশ সিনেমাই দর্শকদের কাছে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল।
দীর্ঘদিন পর সালমান শাহর মা নীলা চৌধুরীর দেওয়া এই বক্তব্যের ফলে সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে পুরোনো আলোচনা আবারও সামনে এসেছে। তবে শাবনূর শুরু থেকেই যে তাদের সম্পর্ককে ভাই-বোনের সম্পর্ক হিসেবে দাবি করে আসছেন, নীলা চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যও সেই দাবির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।








