Logo

ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

profile picture
বিনোদন প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ২১:৪৩
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই
ছবি: সংগৃহীত

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ, ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জাগো নিউজকে তিনি জানান, বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন নাসিমা খান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের চলচ্চিত্রের প্রাথমিক সময়ের অভিনেত্রীদের মধ্যে নাসিমা খান ছিলেন অন্যতম। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী।

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন নাসিমা খান। দীর্ঘ এই সময়ে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন তিনি। তৎকালীন চলচ্চিত্রের দর্শকদের কাছে তাঁর পরিচিতি ছিল ব্যাপক।

বিজ্ঞাপন

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে।

নাসিমা খানের প্রয়াণের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে যুক্ত আরেক শিল্পীর জীবনাবসান হলো। তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও চলচ্চিত্রে অবদান স্মরণ করছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD