হাম ও হামের উপসর্গে ৪৯৯ জনের মৃত্যু, ঢাকায় ২১০

দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গে মৃত্যু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রতিদিনই মৃত্যুর খবর আসছে, যা এখন প্রায় ৫০০-এর কাছাকাছি পৌঁছেছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং ৪১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন নিশ্চিত হামে এবং ৯ জন হামের উপসর্গে মারা গেছে।
বিজ্ঞাপন
বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—মোট ২১০ জন। এর মধ্যে ৫০ জন নিশ্চিত হামে মারা গেছে। এরপর রাজশাহীতে ৮১ জন, চট্টগ্রামে ৫০ জন, বরিশালে ৪৮ জন এবং সিলেটে ৪৮ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, মাত্র ৫ জন। এছাড়া ময়মনসিংহে ৩৬ জন এবং খুলনায় ২১ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে। এর মধ্যে ৪৭ হাজার ৫১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৪৩ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।







