Logo

ঈদের দিনেও থামেনি হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মে, ২০২৬, ১৬:৫৩
ঈদের দিনেও থামেনি হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। ঈদুল আজহার দিনও সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম বলে শনাক্ত করা হয়েছে, আর বাকি ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩২ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২৯ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত শিশুর সংখ্যা ৯০ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৮৫ শিশু।

বিজ্ঞাপন

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৪৩ জন। আর হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৮ হাজার ৫৭৯ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গে এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬২৩ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসাসেবা গ্রহণই হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD