Logo

এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণও হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুন, ২০২৬, ১১:৪২
এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণও হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এবারের ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণের ঝুঁকি দেখা দিতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে অত্যন্ত ভয়াবহ, যার নাম ‘হেমোরেজিক’। এই ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আগে থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিন পর থেকেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, পরিদর্শনের সময় যে প্রতিষ্ঠানেই ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে জরুরি। দক্ষিণ সিটির একটি জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ হতে হবে। উভয় পক্ষ সমানভাবে দায়িত্ব পালন করলেই কেবল ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ডেঙ্গুর সম্ভাব্য ভয়াবহতা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, অফিস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD