Logo

বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
১৭ জুন, ২০২৬, ১৯:৪৮
বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন | ফাইল ছবি

দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে হাসপাতালভিত্তিক সেবার মানোন্নয়ন, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং জেলা-উপজেলা পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) দুপুরে রাজবাড়ী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার একাধিক পদক্ষেপ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি জানান, রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন নতুন চিকিৎসক পদায়ন করা হলেও তাদের মধ্যে ছয়জন এখনো দায়িত্ব গ্রহণ করেননি। এছাড়া দুইজন কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও জনবল ও সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলমান ডেপুটেশন ব্যবস্থা পর্যায়ক্রমে বাতিল করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি হাসপাতালে কর্মরত এক নারী চিকিৎসক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন এবং অন্যত্র প্র্যাকটিস করছেন বলে তথ্য পাওয়া গেছে। তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়টিকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সবাই মিলে একটি সমন্বিত টিম হিসেবে কাজ করছে। দেশের প্রতিটি নাগরিক যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে জীবন হারাতে না হয়, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধেও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের নতুন ভবন পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, নতুন অবকাঠামো দ্রুত চালুর প্রস্তুতি চলছে। ভবনটিতে প্রয়োজনীয় আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম, ফ্রিজার, উন্নত পানি সরবরাহ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হবে। বাকি কাজ শেষ হলে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

হাসপাতালের সার্বিক সেবা পরিস্থিতি পর্যালোচনা করে মন্ত্রী জানান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি, রোগীসেবা এবং প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। তার মতে, হাসপাতালটিতে বড় ধরনের কোনো উল্লেখযোগ্য অনিয়ম বা ত্রুটি চোখে পড়েনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও জানান, দেশের বিভিন্ন হাসপাতালকে আধুনিক চিকিৎসা সুবিধার আওতায় আনতে আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে স্বল্প খরচে রোগীরা চিকিৎসা নিতে পারেন।

মন্ত্রী বলেন, এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা পৌঁছে দেওয়া হবে। এছাড়া গত সপ্তাহেই দেশের ১০টি হাসপাতালে নতুন আইসিইউ সুবিধা চালু করা হয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট, রান্নাঘর এবং নতুন ভবন ঘুরে দেখেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।

পরে হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয়ে গিয়ে চিকিৎসকদের হাজিরা রেজিস্টার পর্যালোচনা করেন। পাশাপাশি মাস্টাররোলে নিয়োজিত কর্মচারীদের উপস্থিতিও যাচাই করেন। হাসপাতালকে দালালমুক্ত রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD